Wednesday, 3 April 2013

প্রথম এবং শেষ প্রকাশিত আধুনিক গানের রেকর্ড : তেরো বছর বয়সে


সেটা ১৯৩৭ সাল। শান্তিনিকেতন থেকে কাকা গোকুল মুখোপাধ্যায়ের সঙ্গে গেছি কলকাতা দেখতে। যা যা আমার দেখার, সবই দেখা হলো। আমি আ-শৈশব গানের মধ্যেই লালিত। শান্তিনিকেতনে তখন রবীন্দ্রনাথের স্নেহে এবং অন্যান্য শিক্ষকদের তত্ত্বাবধানে রীতিমত গানের মধ্যেই আছি। ফলে, কলকাতায় কাকা নিয়ে গেলেন, কি করে গান রেকর্ড করা হয়, দেখাতে। তাঁর সঙ্গে কিছুটা জানাশোনা ছিল হিন্দুস্থান রেকর্ড কোম্পানির। অক্রূর দত্ত লেনে হিন্দুস্থানের কার্যালয়ে গেলাম কাকার সঙ্গে। ওখানে তখন ছিলেন রেকর্ড কোম্পানির প্রোপ্রাইটার চন্ডীচরণ সাহা এবং ট্রেনার যামিনী মতিলাল। শান্তিনিকেতনে থাকি এবং রবীন্দ্রনাথ আমার গান ভালবাসেন, কাকার কাছে এই গল্প শুনে ওঁরা আমার গান শুনতে চাইলেন। গান গাইলাম। বেশ কয়েকটা। গান শুনে তো চন্ডীচরণবাবু আর যামিনীবাবু উচ্ছ্বসিত। তাকনি তাঁরা ঠিক করে ফেললেন, আমার গানের রেকর্ড বের করবেন... এত হুটোপাটি করে ওঁরা যে সত্যিই এত কান্ড ঘটাবেন, ভাবতে পারিনি। ওঁরা শুনতে চেয়েছিলেন, আমি মনের আনন্দে গেয়েছি। তাই বলে রেকর্ড!  


রেকর্ড সংখ্যা : H 584

গান : গান নিয়ে মোর খেলা

শিল্পী : কুমারী কণিকা মুখার্জী

কথা : নিহারবিন্দু সেন

সুর : হরিপদ চট্টোপাধ্যায়





রেকর্ড সংখ্যা : H 584

গান : ওরে ওই বন্ধ হলো দ্বার

শিল্পী : কুমারী কণিকা মুখার্জী

কথা : নিহারবিন্দু সেন

সুর : হরিপদ চট্টোপাধ্যায়



১৯৩৭ সালের শেষ দিকে রেকর্ড হলেও, গান দুটি প্রকাশিত হলো ১৯৩৮ সালের ফেব্রুয়ারীতে। কিন্তু আমার আধুনিক গানের রেকর্ড বের হাওয়ায় দুঃখ পেলেন গুরুদেব। আমার তো তখন অত বোঝার বয়স নয়। অমন তড়িঘড়ি যে রেকর্ড করা হবে, সেটাও আমি ভাবিনি। গুরুদেব দুঃখ পাওয়ায় আমার মন খারাপ হয়ে গেল। সেই আমার প্রথম এবং শেষ প্রকাশিত আধুনিক গানের রেকর্ড। তবে, ওই রেকর্ড তখন বেশ জনপ্রিয় হয়েছিল।

- কণিকা বন্দ্যোপাধ্যায়

No comments:

Post a Comment